দেশটির অন্যান্য অঞ্চলে অভিযানের খবর পাওয়া গেলেও সুর বাজার ও এর আশপাশের প্রবাসীরা বেশ নিশ্চিন্তেই ছিলেন। তবে তাদের ভ্রম কেটে যায় শুক্রবার বিকেলে। বিশেষ অভিযানে ১০০ জনের মতো অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়।
এদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত একযোগে সুর বাজার, সানাইয়া, সেরিয়া এলাকার চারপাশ ঘিরে অভিযানে নামে প্রশাসন, এরপর উপস্থিত প্রবাসীদের সবাইকে একটি স্থানে জড়ো করা হয়। শুরু হয় নথিপত্র যাচাই।
.png)
যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ প্রবাসীদের গ্রেফতার দেখানো হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত এসব প্রবাসীকে পরবর্তীতে লেবারকোর্টে হাজির করা হয়। তাদের মধ্যে কাউকে কাউকে তাদের মালিকরা ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন।
যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ কছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয়, এমনকি যেসব প্রবাসী রাস্তায় দাড়িয়ে ওমানিদের হয়ে মাছ বা সবজি বিক্রি করছিলেন- তাদেরও ছাড় দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন অভিযানের সময় সুর বাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো।
সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান।
বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেফতার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে।