ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিমতীরে ইসরায়েলের প্রাণঘাতী অভিযান, গুলিতে ৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ২২ মে ২০২৪
পশ্চিমতীরে ইসরায়েলের প্রাণঘাতী অভিযান, গুলিতে ৮ ফিলিস্তিনি নিহত
ছবি: রয়টার্স

অবরুদ্ধ ভূখণ্ড গাজায় পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষক ও চিকিৎসকের পাশাপাশি দুজন কিশোরও রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২১ জন। বুধবার (২২ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনাস্থলে থাকা একজন চিকিৎসক বলেছেন, ইসরায়েলি বাহিনী এই অভিযানের সময় অন্যদের মধ্যে একজন ফিলিস্তিনি শিক্ষক, একজন ডাক্তার এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। এমনকি অভিযানের সময় ‘রাস্তায় চলাচলরত যে কোনো ব্যক্তির’ দিকে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।

হাসপাতালের পরিচালক উইসাম বেকার বলেন, জেনিন হাসপাতালটি জেনিনের প্রধান সরকারি হাসপাতাল এবং এটি এখন ঘিরে রাখা হয়েছে। মনে হচ্ছে সামনে কঠিন সময় আসছে, কারণ দখলদার বাহিনী এখানে আরো সেনা জড়ো করছে।

Advertisement

তিনি বলেন, নিহতদের মধ্যে হাসপাতালের বিশেষজ্ঞ সার্জনও রয়েছেন। কর্মস্থলে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন তিনি।

অ্যাম্বুলেন্স চালক হাজিম মাসারওয়া বলেন, গোপন (আন্ডারকভার) বাহিনী হঠাৎ করে ওই এলাকায় অভিযান চালায় এবং তারা রাস্তায় চলাচলরত যে কোনো ব্যক্তির শরীরে গুলি চালায়। তারা চলমান যেকোন কিছুকে টার্গেট করছিল।

অভিযানের সময় ভারী সাঁজোয়া বুলডোজারগুলোও শহরের কেন্দ্রের কাছে রাস্তায় অবস্থান নেয়। রাত নামার সাথে সাথে মাঝে মাঝে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল এবং শহর সংলগ্ন অন্ধকার শরণার্থী শিবিরে তখনও সামরিক যান চলাচল করছিল। তবে রাত নামার সঙ্গে সঙ্গে লড়াইয়ের তীব্রতা কমে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জেনিন শহরের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযানটি চালানো হয়েছে। এটি হামাস, ফাতাহ এবং ইসলামিক জিহাদ-সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি দীর্ঘস্থায়ী কেন্দ্র। অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!