পাকিস্তানে পৃথক বন্দুকযুদ্ধে ৭ সেনাসহ নিহত ৩০
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে বন্দুকযুদ্ধে সাত সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২৭ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। পাকিস্তানি তালেবানের ঘাঁটি বলে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলে গত ২৬ ও ২৭ মে এসব অভিযান পরিচালনা করা হয়।
সংবাদমাধ্যম ডনের তথ্যানুযায়ী, গত ২৬ মে পেশোয়ার জেলার হাসানখেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রথম অভিযান চালায়। সেখানে ছয় সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর ও হাবিলদার শফিকুল্লাহ নামের দুই সেনার মৃত্যু হয়। অভিযানে আরো ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়।
২৭ মে কেপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরো ১০ সন্ত্রাসীকে হত্যা করে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় অভিযানটি খাইবার জেলার বাগ এলাকায় চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে সাত সন্ত্রাসী নিহত হয়। আর পাঁচ সেনা নিহত হয়। এছাড়া এ ঘটনায় দুই সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
.png)
অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সেনাবাহিনী। তবে অতীতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিমাঞ্চলে সংগঠিত হতে শুরু করেছে এই গোষ্ঠীর জঙ্গিরা।
তেহরিক-ই-তালেবান বা টিটিটি হিসেবে পরিচিত পাকিস্তানি তালেবান। আফগান তালেবান তাদের মিত্র হলেও নিজেরা পৃথক গোষ্ঠী বলে দাবি টিটিপির। ২০২১ সালে কাবুল দখল করে আফগানিস্তান শাসন করছে আফগান তালেবান। এরপর থেকে অনেক টিটিপি নেতা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন।