ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলিদের নিষিদ্ধ করছে মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ৩ জুন ২০২৪
ইসরায়েলিদের নিষিদ্ধ করছে মালদ্বীপ
ছবি: ইসরায়েলি প্রবেশে মালদ্বীপ সরকারের নিষেধাজ্ঞা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের নিষিদ্ধ করছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এ মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ‘ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন’। তবে, নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। ‘ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণার ঘোষণাও দিয়েছেন মুইজ্জু। গত বছর প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন, যা দেশটির মোট পর্যটকের শূন্য দশমিক ছয় শতাংশ।

Advertisement

তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৪ মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮ জনে নেমে এসেছে। এ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ কম।

গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!