ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিলো সৌদি, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৩, ১০ জুন ২০২৪
৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিলো সৌদি, নেপথ্যে যে কারণ
ফাইল ফটো

সৌদি আরবের মক্কা নগরীতে আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। আর হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যে ৩ লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন।

এছাড়া মক্কা থেকে আরো ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন, কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই।

Advertisement

উল্লেখ্য, গত বছর ১৮ লাখেরও বেশি মানুষ হজ করেছিলেন। এ বছর এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান।

হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতিবছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়।

২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার ৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এ বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখেরও বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।

সূত্র: আল-আরাবিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!