যুক্তরাষ্ট্রের স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাককে মে মাসে সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
গর্ডনের বয়স ৩৪ বছর। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে স্টাফ সার্জেন্ট পদে দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন তিনি। তবে স্ত্রী-সন্তান থাকে যুক্তরাষ্ট্রে। গর্ডনের রুশ বান্ধবীও দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন। তবে কলহের জেরে তিনি নিজ দেশ রাশিয়ায় ফিরে যান। তারপর তার সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়া থেকে চীন হয়ে রাশিয়ায় যান গর্ডন।
তবে ২ মে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে তাকে গ্রেফতার করে রুশ পুলিশ। মার্কিন সেনাবাহিনীর অনুমতি না নিয়েই তিনি রাশিয়ায় যান। এ ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে মস্কো। পরে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে বিষয়টি জানানো হয়।
.png)
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর এপ্রিলে রাশিয়া সফরের সময় ওই নারীর কাছ থেকে ১০ হাজার রুবল (প্রায় ১১২ ডলার) চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঝগড়ার সময় ব্ল্যাকের বিরুদ্ধে ওই নারীকে লাঞ্ছিত করারও অভিযোগ ওঠে।
মার্কিন সেনা ওই নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ স্বীকার না করলেও চুরির অভিযোগে আংশিক দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে আরআইএ নভোস্তি।