প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করেছে আইডিএফ।
আইডিএফ আরো জানিয়েছে, রোববার ড্রোন হামলার পাশাপাশি বেইট হিলেল এলাকায় একটি ভারী রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় আঘাত হেনেছে, এতে হতাহতের কোনো ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।
.png)
এদিকে রোববারের ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
রোববার সকালে হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহর একজন যোদ্ধা নিহত ও বেশ কয়েজন আহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হলে, পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। যুদ্ধের শুরুর দিকে হামলাগুলো সীমিত আকারে থাকলেও সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ।