গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল ৬০টিরও বেশি মরদেহ
হামাস নিয়ন্ত্রিত গাজা সিটির দুটি জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ ব্যাপী অভিযানের পর শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর হামাস পরিচালিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। এ হতাহতের এই সংখ্যা আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সরে যায়। এরপর তাল আল-হাওয়া এলাকায় এখন পর্যন্ত ৬০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংস্তুপের নিচে আরো বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে। একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে।
.png)
স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলছেন, কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাংক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে স্নাইপার এবং ট্যাংক এখনও আছে। সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
ইসরায়েলি সেনাদের তৎপরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের কাছে যুক্তরাজ্যের মানবিক ত্রাণ সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের ৪ ত্রাণকর্মী নিহত হয়েছে।
প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই ইসরায়েল গাজা সিটিতে ওই ভয়াবহ অভিযান চালাল। গতবছর ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে প্রায় ১০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সূত্র- আলজাজিরা