ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিম তীরে হামলায় ভারতীয় ইসরায়েলি সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ১২ সেপ্টেম্বর ২০২৪
পশ্চিম তীরে হামলায় ভারতীয় ইসরায়েলি সেনার মৃত্যু
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক লরি ড্রাইভারের হামলায় এক ভারতীয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

জানা গেছে, ২৪ বছর বয়সী গেরি গিদিয়ন হাংহাল নামের ওই সেনা কাফির ব্রিগেডের নাসোন ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২০ সালে ভারত থেকে ইসরায়েলে যান হাংহাল। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দা ছিলেন। ইসরায়েলে গিয়ে বনেই মেনেশে গোত্রের সঙ্গে থাকতেন তিনি।

Advertisement

বনেই মেনেশের মানুষরা মূলত ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের বাসিন্দা। বলা হয়ে থাকে এই গোত্রের লোকজন এক সময় ইসরায়েলি উপজাতিভুক্ত ছিল।

২০০৫ সালে ইহুদিদের তৎকালীন প্রধান ধর্মগুরু সোলোমো আমের এসব ভারতীয়দের হারিয়ে যাওয়া মানেশা গোত্রের সদস্য হিসেবে ঘোষণা করেন। এতে করে এই গোত্রের মানুষের ইসরায়েলে যাওয়ার পথ সুগম হয়।

বনেই মেনেশে গোত্রের প্রায় ৫ হাজার মানুষ এরইমধ্যে ইসরায়েলে চলে গেছেন। এরমধ্যে গত পাঁচ বছরে গেছেন ১ হাজার ৫০০ জন। এই গোত্রের আরো ৫ হাজার সদস্য ভারত থেকে ইসরায়েলে যাওয়ার অপেক্ষায় আছেন।

এদিকে হামলার ঘটনার একটি ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের লাইসেন্সধারী একটি ফুয়েল ট্রাক ইসরায়েলি সেনাদের চৌকিতে সজোরে ধাক্কা মারছে। ওই ট্রাকটি দিয়ে ইসরায়েলি সেনাদের চাপা দেন হাইল দাইফাল্লা নামের এক ফিলিস্তিনি।

গত দুই সপ্তাহে পশ্চিম তীরের বেশ কয়েকটি জায়গায় সামরিক আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপরই পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!