চিকিৎসকরা বলছেন, ইসরায়েলের সীমান্ত শহর কিরিয়াত শিমোনায় হিজবুল্লাহর ছোড়া রকেটের শ্রাপনেলের আঘাতে এক পুরুষ ও এক নারী মারাত্মকভাবে আহত হয়ে মারা যান। তারা দুজনের বয়স ৪০ বছরের কোঠায়।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা কিরিয়াত শিমোনায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় এই অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা শহরটি ছেড়ে চলে গেছেন।
.png)
ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা দুই সপ্তাহ আগে তীব্রতর হওয়ার পর এই প্রথম ইরানপন্থী গোষ্ঠীটির হামলায় কোনো ইসরায়েলি নাগরিকদের মৃত্যু হলো।
গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অবশ্য প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে স্থল অভিযান।