ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্ধ করে দেওয়া হলো খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৭, ২৮ অক্টোবর ২০২৪
বন্ধ করে দেওয়া হলো খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট
ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হিব্রু ভাষার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) মাত্র দুটি পোস্টের পর তা স্থগিত করা হয়।

সর্বশেষ পোস্টে বলা হয়, ‘ইহুদিবাদী সরকার ইরান সম্পর্কে তাদের হিসাবে ভুল করছে। ইরানি জাতির শক্তি, সামর্থ্য, উদ্যোগ ও আকাঙ্ক্ষা কী তা আমরা তাদেরকে বুঝিয়ে দিব।’

Advertisement

শনিবার হিব্রু ভাষায় প্রথম পোস্ট করা হয়। যেখানে লেখা ছিল, ‘পরম করুণাময় আল্লাহর নামে।’ দুটি পোস্টই গত সপ্তাহে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার পর করা হয়েছে।

খামেনি তার প্রধান এক্স অ্যাকাউন্টে প্রায়শই হিব্রু ভাষায় পোস্ট করেন, যেখানে কঠোর ভাষায় ইসরায়েলের সমালোচনা করেন। খামেনি বলেন, ইরানের ওপর ইসরাইলের বিমান হামলাকে বড় করে দেখা বা খাটো করে দেখা উচিত নয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার পদক্ষেপকে আরও বাড়িয়ে তুলতে চাচ্ছে। তবে রোববার খামেনি বলেন— ইরানের পক্ষে এই হামলাকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না।

খামেনি তার ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, ‘তারা ইরান সম্পর্কে ভুল হিসাব করছে। তারা এখনো ইরানি জনগণের শক্তি, সামর্থ্য, দক্ষতা ও দৃঢ়তা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি। তাদের এই বিষয়গুলো বোঝাতে হবে।’

ইরান বলেছে, শনিবার তাদের সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত হয়েছেন। পরে ইসরায়েল জানায়, গত ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান হামলা শেষ হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ইরানের বিমান বাহিনী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে।

সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!