যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এএনআই নিউজ।
.png)
ফ্রেসনো ফায়ার বিভাগ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎবিভ্রাটের মানচিত্র অনুযায়ী, কিছু সময় পর স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।