ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্লাইদুবাইয়ের ঘটনায় সহ-পাইলট ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা’ করেছিলেন: সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ৩ অক্টোবর ২০২৬
ফ্লাইদুবাইয়ের ঘটনায় সহ-পাইলট ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা’ করেছিলেন: সংযুক্ত আরব আমিরাত
ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে সহ-পাইলটের হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের তদন্তে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহ-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন, উড়োজাহাজে থাকা ককপিটের জরুরি কুঠার দিয়ে সহ-পাইলট ক্যাপ্টেনকে আক্রমণ করেন এবং উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।

শনিবার (৩ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটে ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে। উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে যাচ্ছিল। বুধবার মাঝ আকাশে ককপিটে সহ-পাইলটের সঙ্গে ক্যাপ্টেনের সংঘর্ষের পর উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Advertisement

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সহ-পাইলট ককপিটে ক্যাপ্টেনকে হামলা করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রী ও ক্রু সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরে উড়োজাহাজটি নিরাপদে সৌদি আরবে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, এর সঙ্গে অন্য কারও বা কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং ঘটনার সব পরিস্থিতি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য প্রযুক্তিগত পরীক্ষা এবং বিভিন্ন শারীরিক ও ডিজিটাল আলামতও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!