ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোর কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে শিশুসহ নিহত ১০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ৯ অক্টোবর ২০২৬
মেক্সিকোর কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে শিশুসহ নিহত ১০
ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন বন্দি। নিহতদের মধ্যে ৯ জন কারাবন্দি এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছে, যিনি স্বজনের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেক্সিকোর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের 'এল কাস্টিলো' (El Castillo) কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় থেকে জানানো হয়, কারাগারের অভ্যন্তরে হঠাৎ ছড়িয়ে পড়া সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ১০ জনের মৃত্যু হয়। আহত ১৬ জন বন্দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এক ভিডিও বার্তায় সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস জানান, নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে সমাজকল্যাণ বিভাগের কর্মীরা যোগাযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বর্তমানে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কারাগারের অন্য বন্দিরা নিরাপদে রয়েছেন বলে তিনি দাবি করেন।

ঘটনার পরপরই বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল কারাগারে বিশেষ অভিযান শুরু করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য, মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী শক্তিশালী 'সিনালোয়া কার্টেল'-এর অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘাতের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। উচ্চ নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে ছয়টি মেক্সিকান অঙ্গরাজ্যে ভ্রমণ না করার সতর্কতা জারি করেছে, সিনালোয়া তার একটি। তবে কারাগারে ঘটে যাওয়া এই সংঘর্ষের পেছনে মাদক কার্টেলের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে স্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানাননি।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!