ইরানকে সহায়তা করলে বড় ক্ষতি হবে চীন-রাশিয়ার: ট্রাম্প
ইরানকে চীন বা রাশিয়া উল্লেখযোগ্য কোনো সহায়তা দিচ্ছে না বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরানকে সহায়তা করতে গেলে মস্কো ও বেইজিংকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তাঁর ভাষ্য, রাজনৈতিক সমালোচক ও বিরোধীরা অভিযোগ করছেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। তবে এ অভিযোগের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
ট্রাম্প লেখেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করে থাকলেও তা খুবই সামান্য। তবে এমন সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন না। কারণ, এ ক্ষেত্রে দেশ দুটির অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে। সত্যিই তারা ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র দ্রুত তা জানতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
ইরান যুদ্ধ ঘিরে চীন-রাশিয়ার অবস্থান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো। এর আগে তিনি দাবি করেছিলেন, ইরান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরপেক্ষ অবস্থান বজায় রাখছেন।
এ ছাড়া গত মাসে শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় চীন ইরানকে কোনো সহায়তা করবে না বলে আশ্বাস দিয়েছিল বলেও জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন কর্মকর্তারা।
তবে দীর্ঘদিন ধরেই তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে মস্কো ও বেইজিং। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করে চীন একে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে।
চীনের সহায়তা নিয়ে আগেও উঠেছে অভিযোগ
বিভিন্ন প্রতিবেদনে এর আগে দাবি করা হয়েছিল, চীনের সহায়তায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি করছে ইরান। এ ছাড়া মার্কিন ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য ব্যবহারের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগ আগেও নাকচ করেছেন ট্রাম্প।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও রাশিয়ার সম্পর্কের সমীকরণ এখনো আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তেহরানকে সহায়তার অভিযোগ, নিষেধাজ্ঞা এবং সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলোর পরবর্তী অবস্থানের দিকে নজর রাখছেন পর্যবেক্ষকেরা।