ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯, ২২ অক্টোবর ২০২৬
ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ছবি : সংগৃহীত

ফ্রান্সে সাম্প্রতিক সহিংসতা ও সামাজিক অস্থিরতা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিদেশি নেতা রাজনৈতিক স্বার্থে ফ্রান্সের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) কাতার সফরকালে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ফ্রান্সের সাম্প্রতিক পরিস্থিতিকে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করছেন ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে প্রতিপক্ষের সমালোচনা করতে গিয়ে তিনি দাবি করেন, ফ্রান্স এখন অভিবাসী, জিহাদি ও কমিউনিস্টদের দ্বারা লুণ্ঠিত হচ্ছে।

ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, শুধু ট্রাম্প নন, অন্য যেসব বিদেশি নেতা ফ্রান্সের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তাদের সবার ক্ষেত্রেই এই সমালোচনা প্রযোজ্য।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি এমন সব দৃশ্য প্রচার করা হচ্ছে, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। অভিবাসী ও ইসলামপন্থীরা সংঘবদ্ধভাবে ফ্রান্সে হামলা চালিয়েছে বলে যে দাবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতের সংকট ও সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী প্যারিসসহ মার্সেই ও লিওঁ শহরে সপ্তাহব্যাপী চলা আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় রাতের কারফিউ ও জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করে ফরাসি সরকার। দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিনের দেওয়া তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শতাধিক সন্দেহভাজনকে দ্রুত বিচারের আওতায় আনা হয়েছে।

কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাজপথে নামার ঘোষণা দিয়েছে ফ্রান্সের ছাত্র সংগঠন ইউনেফ ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। পাশাপাশি আগামী ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানিয়েছেন, নতুন করে সহিংসতা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। চলমান সংকট নিরসনে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।

অন্যদিকে ফ্রান্সের চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত এবং ভ্রমণে আগ্রহী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাস। বিশেষ করে জনবহুল এলাকা, বড় জমায়েত ও বিক্ষোভস্থল এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!