ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভেনেজুয়েলায় ফিরলেন নোবেল জয়ী মাচাদো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০৩, ২৬ অক্টোবর ২০২৬
ভেনেজুয়েলায় ফিরলেন নোবেল জয়ী মাচাদো
ছবি: রয়টার্স

দীর্ঘ ১০ মাসের বেশি সময় দেশের বাইরে থাকার পর ভেনেজুয়েলায় ফিরেছেন দেশটির বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। রোববার (২৫ অক্টোবর) দেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের ফেরার খবর জানান তিনি।

বিবিসির বরাতে জানা গেছে, দেশে ফেরার পর লারা রাজ্যের একটি গির্জায় সমর্থকদের সঙ্গে দেখা করেন মাচাদো। পরে সমর্থকদের গাড়িবহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশে রওনা হন তিনি। তাঁর রাজনৈতিক দল এই প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে নরওয়ে সফরের পর থেকে দেশের বাইরে ছিলেন মাচাদো। এর মধ্যে কয়েকবার দেশে ফেরার চেষ্টা করেও সফল হননি তিনি।

মাচাদো দেশ ছাড়ার পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র।

তবে ওই আলোচনায় কয়েকজন বিরোধী নেতাকে যুক্ত করা হলেও মাচাদো ও তাঁর রাজনৈতিক মিত্র এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়াকে বাইরে রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিরোধী দলের প্রাথমিক নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হলেও মাদুরো সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি মাচাদো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য অনুযায়ী, মাচাদোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাঁর নিরাপদে দেশে ফেরার বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা রাজনৈতিক সমঝোতা আলোচনার সঙ্গে সম্পর্কিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর নিরাপত্তা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

মাচাদোর রাজনৈতিক মিত্র এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া মনে করেন, তাঁর দেশে ফেরা ভেনেজুয়েলায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে মাচাদো আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!