ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানে নতুন হামলা নিয়ে যে সতর্কতা জানালেন তুরস্কের গোয়েন্দাপ্রধান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪১, ৯ নভেম্বর ২০২৬
ইরানে নতুন হামলা নিয়ে যে সতর্কতা জানালেন তুরস্কের গোয়েন্দাপ্রধান
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নতুন করে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছে। দুই পক্ষের জন্যই গ্রহণযোগ্য একটি চুক্তির প্রস্তাব এখন আলোচনার টেবিলে রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইব্রাহিম কালিন। তুরস্কের গবেষণা সংস্থা ওআরএসএএম ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

ইব্রাহিম কালিন বলেন, ইরান ইস্যু পুরো অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা থেকে ইরানকে বিরত রাখতে তুরস্ক জোর প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমাদের প্রেসিডেন্ট মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি আবারও ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।

তুরস্কের গোয়েন্দাপ্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে কিংবা ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে আবারও হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এতে পুরো অঞ্চল আবারও সংঘাতের দুষ্টচক্রে আটকে পড়বে।

তার মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় যে অগ্রগতি হয়েছে, নতুন করে সামরিক হামলা হলে তা ভেস্তে যেতে পারে। তাই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখা জরুরি।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!