ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের আপিল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২, ১৫ নভেম্বর ২০২৬
বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের আপিল
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও বিধিমালা পুরোপুরি বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে দেশটির সরকার।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দেশজুড়ে কার্যকর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার ১৯৪৬ সালের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট (এপিএ) আইনের আওতায় সরকারি নীতি বা বিধিমালা সম্পূর্ণ বাতিল করার বিচারিক ক্ষমতা সীমিত করতে চায় তারা।

প্রশাসনের যুক্তি, কোনো আদালতের রায়ে একটি সরকারি বিধিমালা পুরো দেশের জন্য বাতিল হওয়া উচিত নয়। বরং মামলায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করেছেন, আদালতের রায়ের সুবিধা শুধু তাদের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকা উচিত।

আইনজীবীদের মতে, এ মামলায় ট্রাম্প প্রশাসন জয়ী হলে কেন্দ্রীয় সরকার বড় ধরনের সুবিধা পাবে। কারণ, কোনো বিচারক একটি সরকারি বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও মামলাকারীদের বাইরে দেশের অন্য নাগরিকদের ওপর সেটি কার্যকর রাখার সুযোগ থাকবে সরকারের।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নিয়ন্ত্রণসহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত শত মামলা হয়েছে। এসব মামলার অনেকটিতে বিচারকরা এপিএ আইনের আওতায় সরকারের নীতিমালা দেশব্যাপী অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন।

সর্বশেষ টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী রোগীদের অপ্রত্যাশিত চিকিৎসা ব্যয় কমানোর একটি সরকারি বিধিমালাকে চ্যালেঞ্জ করে মামলা করেন। গত আগস্টে একটি আপিল আদালত ওই বিধিমালার কিছু অংশ দেশজুড়ে বাতিল ঘোষণা করেন।

এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। সরকারের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, ওই বিধিমালা পুরো দেশের জন্য বাতিল না করে শুধু মামলাকারী চিকিৎসকদের ক্ষেত্রে রায়ের কার্যকারিতা সীমাবদ্ধ রাখা হোক। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এ আপিলের শুনানি গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে বিচারকদের এই ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সীমিত করা হলে বেআইনি সরকারি বিধিমালা বাতিলের প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে।

এ উদ্যোগের বিরোধিতা করতে পারে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান-সমর্থিত টেক্সাস ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোও। কারণ, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ থেকে নিজেদের অধিকার রক্ষায় এসব রাজ্যও দীর্ঘদিন ধরে এ আইনের ওপর নির্ভর করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!