ডেইলি বাংলাদেশ : এই সময়ে অফিসে কোন ধরনের গয়না পরা উচিত?
লায়লা খায়ের : গয়না পরার ব্যাপারে আমাদের সবাইকে আগে চিন্তা করতে হবে আবহাওয়ার কথা। কারণ এখন প্রচণ্ড গরম। আমরা সাধারণত অফিসে ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন আরামদায়ক পোশাক পরে থাকি। যেহেতু গরম, তাই বড় বড় গয়না পরার প্রশ্নই ওঠে না। অফিসে গেলে ছোট ছোট লকেট, কানে ছোট টপ, হাতে একটা ব্রেসলেট, একটা ঘড়ি পরিধান করা যেতে পারে। এগুলো আমরা প্রতিদিন পরিবর্তন করে পরতে পারি। আমরা যেই রঙের পোশাক পরবো, সে রঙের পোশাকের সঙ্গে ম্যাচিং করে সিলভারের কোনো গয়না পরা যেতে পারে। পোশাক হলুদ রঙের হলে সেই পোশাকের সঙ্গে সোনার হালকা কাজ করা কোনো কিছু পরিধান করা যেতে পারে। হালকা গয়না পরিধান করার সময় এখন, যেগুলো পরলে আমাদের আরামদায়ক অনুভব হয়, অন্য কেউ যাতে ভাবতে না পারে যে- এই গরমের মধ্যে এগুলো কি পরে আসছে? আর নিজেদেরও একটু স্বাচ্ছন্দ্যবোধ থাকা উচিত। কেউ যদি সব ধরনের গয়না পরতে পছন্দ করে, তাহলে পোশাকের সঙ্গে মিলিয়ে টপ বা লকেটের সঙ্গে হাতে হালকা ধরনের কিছু পরিধান করতে পারে।
.png)
ডেইলি বাংলাদেশ : অনুষ্ঠানে কেমন গয়না পরলে ভালো লাগবে?
লায়লা খায়ের : পোশাকের সঙ্গে কোনো ট্রেন্ডি গয়না পরতে চাইলে- ট্রেন্ডি গয়নাগুলো যদি ভারি হয়ে থাকে এবং সেটি যদি পোশাকের সঙ্গে মানিয়ে যায়, তাহলে পরিধান করা যেতে পারে। আবার যদি কোনো অফিসিয়াল পার্টি থাকে অথবা কারো যদি বার্থডে থাকে, সেই সময় একটু ভারি ধরনের গয়না পরা যেতে পারে। যেমন- গলায় নেকলেস, কানে কানের দুল পরা যেতে পারে। আবার যদি হাতে ভারি কিছু পরে থাকি, সেক্ষেত্রে গলায় কিছুই পরিধান করলাম না। হাতে আংটি বা ব্রেসলেট পরতে পারি, একসঙ্গে অনেকগুলো ব্রেসলেট পরা যেতে পারে। আবার দেখা গেল, আংটি, ব্রেসলেট কিছু পরলাম না, চট করে রেডি হতে হচ্ছে তাহলে বড় ধরনের একটা কানের দুল পরে নিলাম আর গলায় বা হাতে কোনো কিছুই পরলাম না। ধরা যাক- আজকে অনেক গরম, তাই হালকা কিছু একটা পরিধান করা যেতে পারে। আবার অনেক বৃষ্টি পড়ছে, প্রতিদিনই তো হালকা গয়না পরা হয়। আজকে আবহাওয়া একটু ঠাণ্ডা, তাই আজকে ভারি কিছু পরিধান করা যেতে পারে। যেমন- প্রতিদিনই কানে ছোট টপ পরা হয়, সেখানে আজকে কানপাশা পরা যেতে পারে।
ডেইলি বাংলাদেশ : সাধারণ পোশাকের সঙ্গে কেমন গয়না পরার পরামর্শ দেবেন?
লায়লা খায়ের : গয়নার রং বা কী ধরেনর গয়না পরবো সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি কী গয়নাটাকে প্রাধান্য দিয়ে পরছেন নাকি পোশাকটা। সাধারণ কোনো পোশাক পরিধান করলে রঙিন গয়না পরা যেতে পারে। এমনও হতে পারে আপনি গয়নাটা একটু ভারি পরলেন, সেক্ষেত্রে পোশাকটা সাধারণ হলেও মানানসই হবে।
ডেইলি বাংলাদেশ : অফিসের সাজ পোশাক নিয়ে একটু বেশি চিন্তিত থাকতে হয়। বিশেষ করে গয়না নির্বাচনে।
লায়লা খায়ের : অফিসিয়াল কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে সাধারণত ভারি গয়না পরা উচিত নয়। অফিসিয়াল কোনো কাজে হালকা কোনো গয়না পরা উচিত। যেমন- কানে বড় টপ পরলাম, আর কিছুই পরলাম না। সেক্ষেত্রে এক পাথরের টপ পরিধান করা যেতে পারে। এই গয়না পরিধানের জিনিসটা নির্ভর করে আপনি কি ধরনের পোশাক পরলেন মিটিং বা সেমিনারে। মিটিং বা সেমিনারের পরে যদি কোনো পার্টি থাকে তাহলে যেই ধরনের গয়না পড়লে আপনি স্বাছন্দ্যবোধ করেন, সেগুলোই পরা উচিত। সেক্ষেত্রে হুবহু ম্যাচিং না পরাটাই ভালো। যেমন- একটা হলুদ রঙের পোশাকের সঙ্গে একটা হলুদ রঙের টপ বা কানের দুল পরলেন, গলায় একটা হলুদ রঙের মালা পরলেন আবার তার সঙ্গে হলুদ রঙের চুরি পরলেন- এটা আর এখন ট্রেন্ডি না। আমাদের উচিত হলুদ রঙের পোশাকের সঙ্গে হালকা সবুজ রঙের কিছু একটা পরা, যাতে সাদা রঙেরও হালকা ছোঁয়া আছে।
ডেইলি বাংলাদেশ : গয়না কীভাবে সংরক্ষণ করা যায়?
লায়লা খায়ের : গ্রীষ্ম বা বর্ষাকালে গয়না সংরক্ষণের তেমন কোনো একটা পার্থক্য নেই। বর্ষার সময় যদি আপনার গয়না ভিজে যায়, সেক্ষেত্রে আলাদা একটা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর যদি ভিজে না যায়, তাহলে আমরা যেটা সবসময় করে থাকি, সেটাই করা উচিত। আপনি যে ধরনের গয়নাই পরেন না কেন বাহির থেকে ফিরে গয়নাটাকে প্রথমে শুকিয়ে নেয়া উচিত। তারপর সেটাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা। এতে করে ঘাম বা যদি কোনো মেকআপ লেগে যায়, তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়। ঘাম শুকানোর পর আপনি সেটাকে র্যাপিং করে একটি বাক্সে রেখে দিতে পারেন। ঘাম না শুকিয়ে যদি সেটাকে রেখে দেওয়া হয়, তাহলে সেই গয়নাটির রং নষ্ট হয়ে যেতে পারে। আর গয়নাটা যদি সিলভার, ব্রোঞ্জ বা অন্য কোনো মেটালের হয়ে থাকে, তাহলে সেটিকে অবশ্যই আলাদা করে রাখতে হবে।
ডেইলি বাংলাদেশ : ধন্যবাদ।
লায়লা খায়ের : আপনাকেও ধন্যবাদ।