গার্মেন্টসকর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুইজন রিমান্ডে
রাজধানীর কদমতলী থানা এলাকার মুরাদপুরে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. মেহেদী হাসান (১৯) ও মো. সোহাগ হোসেন (২০)।
.png)
এদিন দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, উনিশ বছর বয়সী ওই গার্মেন্টস কর্মী যাত্রাবাড়ী এলাকায় থাকেন। এলাকারই একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। গত মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় আকাশ (২০) নামে পূর্ব পরিচিত এক যুবক মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। এরপর সেখান থেকে মুরাদপুরের একটি বাড়ির ছাদে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে কল পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ৬ জনের নামে কদমতলী থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন।