রামপুরায় বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ: শহীদ কারাগারে
রাজধানীর রামপুরায় শিক্ষার্থী মৃত্যু কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানার মামলায় আসামি শহীদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।
এদিন এ মামলার দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
গত ৩ ডিসেম্বর একদিনের রিমান্ড শেষে শহীদকে আদালতে হাজির করা হয়। এরপর ফের এ মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহণের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরো চারটি বাস।
এ ঘটনায় গত ৩০ নভেম্বর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৮০০ জনকে আসামি করে দুইটা মামলা করা হয়।