ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পরীমনির মাদক মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৪, ৪ মার্চ ২০২২
পরীমনির মাদক মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবারআপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন দায়ের করেন। আগামী ৬ মার্চ চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত ১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Advertisement

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও আইনজীবী মো. শাহীনুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত ২৮ ফেব্রুয়ারি পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল শুনানি শেষ হয়।

এর আগে, ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি।

গত বছরের ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ঐ বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। এরপর ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। এরপর গত ১ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান চিত্রনায়িকা পরীমনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!