ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক মামলায় বোতল চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ৭ এপ্রিল ২০২২
মাদক মামলায় বোতল চৌধুরী কারাগারে
ফাইল ফটো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন। 

এদিন বোতল চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেফতার করে র‍্যাব। এসময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার রাতে র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। তদন্ত করে আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ১৯৯৯ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় এক নম্বর চার্জশিটভুক্ত পলাতক আসামি ছিলেন বোতল চৌধুরী। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!