ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধন প্রশ্নে রুল জারি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৭, ১০ এপ্রিল ২০২২
দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধন প্রশ্নে রুল জারি হাইকোর্টের
ফাইল ফটো

‘পুরুষ ধর্ষণসহ অন্যান্য ধর্ষণকে’ নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।

রোববার এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। গাজীপুরের ড. সৌমেন ভৌমিক, সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়া নূহিয়া আহমেদ এবং সমাজকর্মী ড. মাসুম বিল্লাহ রিটটি দায়ের করেন।

রিটের পক্ষে আইনজীবী তাপস কান্তি বল বলেন, সাম্প্রতিক সময়ে ছেলে শিশুসহ পুরুষকে যৌন নির্যাতন ও বলাৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। এ কারণে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে সংশ্লিষ্টদের প্রতি আজ রুল জারি করেছে।

রিটে বলা হয়, ৩৭৫ ধারায় শুধু পুরুষ দ্বারা নারীদের ধর্ষণের বিষয়ে আছে। এখানে সম্মতি ছাড়া নারীদের দ্বারা নারী, নারীর দ্বারা পুরুষ, পুরুষ দ্বারা পুরুষ এবং একজন ট্রান্সজেন্ডার আরেক ট্রান্সজেন্ডারের দ্বারা যৌন নিপীড়নের বিষয়টি নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!