ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বাস চাপায় এএসআই নিহত: চালক সুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১০, ৪ আগস্ট ২০২২
বাস চাপায় এএসআই নিহত: চালক সুজন কারাগারে
ফাইল ফটো

রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ মোল্লার মৃত্যুর মামলায় চালক সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) শাহীন আলম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

এর আগে গতকাল বুধবার মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৬৯৯) ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে ও পায়ে মারাত্মক জখম হয়। তাকে তাৎক্ষণিকভাবে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুল আজিজের স্ত্রী স্মৃতি আরা বনানী থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!