শিক্ষার্থীর ৪৫ হাজার টাকা ছিনতাই: দুই আসামি কারাগারে
ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মোহাম্মদপুর থানার মামলায় রিমান্ড শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজার আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন।
.png)
এদিন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২১ অক্টোবর আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) কলেজ থেকে রিকশাযোগে আদাবরে নিজ বাসায় যাচ্ছিলেন। তারা মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামান। ঐ স্থানের পাশে একটি মোটরসাইকেল নিয়ে দুজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এসে ভয় দেখায় এবং মারধর করে। এ সময় আরো দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গুলি করার ভয় দেখিয়ে সাড়ে ৪৫ হাজার ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্বাধীন সরকার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।