ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৩, ২৮ নভেম্বর ২০২২
রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
ফাইল ফটো

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুর রহমান বলেন, সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন সাক্ষী উপস্থিত হননি। তাই রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন আদালত।

Advertisement

মামলার অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

এর আগে, ১২ জুন বিচারক আসাদ মো. আসিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এ মামলা করেন। মামলায় হাসপাতালের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় আবুল কালাম আজাদকে সরাসরি আসামি করা না হলেও তদন্তে নাম আসায় অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত হয়।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন ও মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!