ট্রাকচাপায় জন্ম নেয়া শিশুটি কেমন আছে? জানতে চান হাইকোর্ট
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেয়া শিশু ফাতিমা কেমন আছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ফাতিমার জন্য ক্ষতিপূরণ বাবদ দেওয়া টাকা কীভাবে খরচ করা হচ্ছে তা আগামী সোমবারের মধ্যে জানাতে ওই জেলার ডিসিকে জানাতে আদেশ দেন হাইকোর্ট।
সোমবার (১৬ জানুয়ারি) জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ১৬ জুলাই বিকেলে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারান উপজেলার রায়মণি এলাকার জাহাঙ্গীর আলম (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। এ সময় রত্না বেগমের গর্ভ ফেটে জন্ম নেয় ওই নবজাতক। তার নাম রাখা হয় ফাতেমা।
শিশু ফাতেমার কল্যাণের জন্য হাইকোর্টের নির্দেশে ট্রাস্টি বোর্ড, বিআরটিএ তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত পিতা-মাতার নবজাতক শিশুর অভিভাবককে ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত পাঁচ লাখ টাকার ক্রস চেক সোনালী ব্যাংক, ত্রিশাল শাখায় ‘রত্না আক্তার রহিমার নবজাতক শিশু ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’-এ জমা দেওয়া হয়।