ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

গার্ডারচাপায় মৃত্যু, ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধ হলে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ৩০ জানুয়ারি ২০২৩
গার্ডারচাপায় মৃত্যু, ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধ হলে যা করতে হবে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেড (সিজিজিসি) ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

নিহত নুর ইসলামের চার স্ত্রী ও দুই মেয়ে ও এক ছেলে ক্ষতিপূরণের টাকা নেয়ার জন্য আবেদন করেন। তারা হলেন- নুর ইসলামের স্ত্রী খন্দকার বিউটি বেগম, মাহমুদা পারভীন, রেহেনা, শাহিদা খানম ও দুই মেয়ে নিপা আক্তার, সানজিদা খানম রতনা এবং ছেলে রেজাউল মন্ডল। 

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম নিহতের পরিবারের ওয়ারিশদের এ টাকা বণ্টন করে দেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক স্ত্রীকে ৬২ হাজার ৫০০ টাকা, প্রত্যেক মেয়েকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং ছেলেকে ৮ লাখ ৭৫ হাজার টাকা পৃথকভাবে ৩০০ টাকায় ননজুডিসিয়াল স্ট্যাম্পে জিম্মানামা দাখিল পূর্বক জিম্মা দেওয়ার নির্দেশ দেন। তবে টাকা নিয়ে বিরোধ দেখা দিলে আদালতে জমা দিতে বাধ্য থাকবেন ওয়ারিশরা।

উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বলেন, ২৪ জানুয়ারি ওয়ারিশদের ক্ষতিপূরণের টাকা দিতে নির্দেশ দেন আদালত। এরপর তারা ৩০০ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে হলফনামা দিয়ে নেজারতশাখা থেকে ওই টাকা গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। ওই গাড়িতে থাকা নবদম্পতি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।

নিহতরা হলেন- আইয়ুব আলী হোসেন রুবেল ওরফে নূর ইসলাম (৫৫), ফাহিমা আক্তার (৩৮), ঝর্না আক্তার (২৭), ঝর্না আক্তারের দুই শিশুসন্তান জান্নাতুল (৬) ও জাকারিয়া (৪)। ঐ ঘটনার রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!