ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কৃষি ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৮, ২ মার্চ ২০২৩
কৃষি ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ফাইল ফটো

ভুয়া ঋণ নথি তৈরি করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ২ কোটি দুই লাখ ৪৭ হাজার টাকার কৃষি ঋণ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম বুধবার রাতে বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলা শাখার বর্তমান সাময়িক বরখাস্তকৃত সাবেক পরিদর্শক মো. রেজাউল হক (৪৩), সাবেক পরিদর্শক মো. মুর্তজা আলী (৪১), সাবেক পরিদর্শক মো. গোলাম গাউস (৬৫), সাবেক ব্যবস্থাপক মো. মইনুল ইসলাম (৬৩), সাবেক ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান (৬৫), সাবেক ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান (৬৮) এবং সাবেক ব্যবস্থাপক এস এম দেলোয়ার হোসেন (৬১)।

Advertisement

মামলায় অভিযোগে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধান ও জেনারেল ব্যাংকিং ম্যানুয়াল লঙ্ঘন করে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজবাড়ী শাখায় ২০১৪ সালের ১ জুলাই হতে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত কর্মরত থাকাকালে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যম রেকর্ডপত্র তৈরি করে মোট ৩৪৬ টি ঋণ নথি তৈরি করেন। এরপর এর বিপরীতে মোট ২ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা ঋণ প্রদানের প্রস্তাব/সুপারিশ করে ঋণ নথি ব্যবস্থাপকের মাধ্যমে মঞ্জুর করেন এবং বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে পাস করা ঋণ প্রদান ও উত্তোলন করেন।

এভাবে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭১ হাজার ৮১৮ টাকা নিজেরাই জমা করে। অবশিষ্ট দুই কোটি দুই লাখ ৪৭ হাজার ১৮২ টাকা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে জমা না দিয়ে আত্মসাৎ ও আত্মসাতে সহায়তা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বলেন, ভুয়া ঋণ নথি তৈরি করে আসামিরা পরস্পর যোগসাজশে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!