৬৮ সোনার বারসহ আটক বিমানের মেকানিক রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬৮ কেজি সোনার বারসহ আটক বিমান কর্মকর্তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার নাম শফিকুল ইসলাম (৩৩)।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার রাত ১০টায় বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে বিমানের এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামকে আটক করে আর্মড পুলিশ। এ সময় তার কোমরে লুকানো অবস্থায় ৬৮টি গোল্ডবার পাওয়া যায় যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম।
.png)
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।
উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা। আটককৃত বিমানের এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলাম (৩৩) ২০১৩ সালে ক্যাজুয়াল স্টাফ হিসেবে বিমানে যোগদান করেন এবং ২০১৭ সালে স্থায়ী হন।
তিনি খুলনা জেলার দৌলতপুর থানার অধিবাসী। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।