আট কেজি সোনাসহ গ্রেফতার নারী রিমান্ডে
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট কেজি সোনার বারসহ গ্রেফতার এক নারীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া নারী নাম রেখা পারভীন (৪৬)। তিনি ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের স্থায়ী বাসিন্দা।
বুধবার আসামিকে আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. রুবেল শেখ।
অন্যদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর আসামির জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
.png)
মামলার সূত্রে জানা যায়, বুধবার আসামি রেখা সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় সোনার বারসহ গ্রেফতার হন। এ সময় তার হেফাজত থেকে ৬৯টি সোনার বার, ১টি সোনার চেইন ও ৬টি সোনার চুড়ি উদ্ধার করা হয়। যার মোট ওজন ৮ কেজি ২ শত ১৭ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশকে জানিয়েছে, সে আন্তর্জাতিক সোনার চোরাচালানকারী দলের একজন সক্রিয় সদস্য। আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদেশ হতে স্বর্ণ এনে চোরাচালানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণের আর্থিক ক্ষতি করে আসছে।