ভাড়ায় জেল খাটানো নাজমুল কারাগারে
নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর অভিযোগে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাজমুল হাসান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বদলি সাজা খাটানোর ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে রোববার নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজাসহ আটক করা হয় আনোয়ার হোসেন নামে একজনকে। তবে পালিয়ে যেতে সক্ষম হন মাদক চক্রের মূলহোতা।
.png)
মাদক উদ্ধারের এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিচারে অপরাধ প্রমাণিত হওয়ায় পলাতক ঐ ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। সাজাপ্রাপ্ত ঐ আসামি মাদক কারবারের মূলহোতা ঢাকার উত্তরার ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নাজমুল হাসান।
২০২৩ সালের ৯ আগস্ট নাজমুল পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন গাজীপুরের মিরাজুল ইসলাম। জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ফলে নাজমুলের পরিবর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান মিরাজুল। ১১ দিন জেল খাটার পর ঐ বছরের ২০ আগস্ট তিনি জামিনে বেরিয়ে আসেন। বড় অংকে টাকা দেওয়ার চুক্তিতে নাজমুলের পরিবর্তে মিরাজুল জেলে যান বলে জানা যায়।
যদিও চুক্তিমতো সব টাকা পাননি বলে দাবি জেল খাটা মিরাজুলের। জামিনে বেরিয়ে এসে টাকা চাইতে গেলে উল্টো ৫০ পিস ইয়াবা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় তাকে।