ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাট

ছাত্রদল নেতা লেলিন দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২০ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা লেলিন দুই দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার ভোরে চট্টগ্রামের একটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের তালিকাভুক্ত ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত এই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকে প্রবেশ করে দুই নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে। এরপর ভেকু দিয়ে ক্লিনিকের বেশ কয়েকটি সেমিপাকা ঘর, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ সময় হামলাকারীরা আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, এসি, ফ্রিজ ও বিভিন্ন ওষুধসহ প্রায় ১ কোটি ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যাওয়ার সময় তারা সেখানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার টাঙিয়ে দেয়। এ ঘটনায় ক্লিনিকের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!