ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

কমছেই না চাল-পেঁয়াজ ও আলুর দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ১১ নভেম্বর ২০২৪
কমছেই না চাল-পেঁয়াজ ও আলুর দাম
চাল, পেঁয়াজ, আলু ও সবজি- ফাইল ফটো

বাজারে চাল, পেঁয়াজ ও আলুর দাম কমছেই না। গত অক্টোবর মাসের শেষদিকে পেঁয়াজ-আলুর দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে যথাক্রমে ১৫০ ও ৭০ টাকায়।  এর সঙ্গে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে চালের চড়া দাম। অন্যদিকে শীতকালীন সবজিসহ অন্যান্য সবজির বাজার স্থিতিশীল রয়েছে।

সোমবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্যান্য বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর বাজারগুলোতে ফুলকপি ও বাঁধাকপি উঠলেও দাম তুলনামূলক বেশি। ছোট আকারের কপি প্রতি পিস ৩০-৪০ টাকা, লাউ আকারভেদে ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা, বরবটি ৭০, শিম ৮০, বেগুন মানভেদে ৪০-৫০, করলা ৫০, টমেটো ১৩০, পেঁপে ৩০, দেশি গাজর ১০০, চায়না গাজর ১৫০, পটল ৩০, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ২৫০, কলার হালি ৩০, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। প্রতি আঁটি লাল শাক ২০ টাকা, লাউ শাক ৪০, মুলা শাক ২০, পালং শাক ২০, কলমি শাক ১৫, পুঁই শাক ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

Advertisement

কাওরানবাজারসহ কিছু স্থানে ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৪০ ও লাল ফার্মের ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা পর্যায়ে পাড়া-মহল্লায় ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া হাঁসের ডিম ২২০ ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১০ টাকা কমে ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি মানভেদে ২৯০, দেশি মুরগি ৫২০ থেকে ৫৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০, ছাগলের মাংস ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। 

আলু কেজিপ্রতি ৭০ টাকা, দেশি পেঁয়াজ ১৫০ ও ইন্ডিয়ান পেঁয়াজ ১১০, রসুন ও আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা।

মোটা চাল কেজিপ্রতি ৫৭ টাকা, মিনিকেট ৭৩, আটাশ চাল ৬১, কাটারি নাজির ৮০, লাল আমন চাল ৯০ , সুগন্ধী চিনিগুড়া পোলাও চাল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, ৬ কেজি ওজনের রুই মাছ ৪০০, ১ কেজি ওজনের রুই মাছ ২৮০, দেশি মাগুর ৮০০ থেকে ১১০০, মৃগেল ৩৫০ থেকে ৪০০, পাঙাশ ২১০ থেকে ২৩০, চিংড়ি ৮০০ থেকে ১৪০০, বোয়াল ৫০০ থেকে ৯০০, কাতল ৪০০ থেকে ৬০০, পোয়া ৪৫০, পাবদা ৪০০ থেকে ৫০০, তেলাপিয়া ২২০, কই ২২০ থেকে ২৪০, মলা ৬০০, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০, কাঁচকি ৫০০, পাঁচমিশালি ২২০, রূপচাঁদা ১২০০, বাইম ১২০০ থেকে ১৪০০, দেশি কই ১২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০, আইড় ৬৫০ থেকে ৮০০, বেলে ৯০০ এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে ভারতীয় জিরা কেজিপ্রতি ৭৮০ টাকা, শাহী জিরা ১৬৬০, মিষ্টি জিরা ২৪০, পাঁচফোড়ন ২০০, রাঁধুনী ৫০০, মেথি ১৫০, চিনাবাদাম ১৬০, কাজু বাদাম ১৬০০, পেস্তা বাদাম ২৭৫০, ত্রিফলা ১৫০, জয়ফল ৮০০, তেজপাতা ১৮০, সাদা গোলমরিচ ১২০০ থেকে ১৩০০, গোলমরিচ ১২০০, ধনিয়া ২৫০, সরিষা ১০০, কিসমিস ৫২০ থেকে ৫৪০, এলাচ ৩৮০০, কালো এলাচ ৩০০০, লবঙ্গ ১৭০০, জয়ত্রি ২৯০০, পোস্তদানা ১৮০০ টাকা, আলুবোখারা ৫৫০, দারুচিনি ৫৫০, খোলা হলুদের গুঁড়া ৩৭০, খোলা মরিচের গুঁড়া ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে মসলার দামে ভিন্নতা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!