অস্ট্রেলিয়া গেলেন নৌ প্রধান
আগামী তিন হতে পাঁচ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ এ অংশ নিতে নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি গতকাল রবিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মমেরিটাইম কনফারেন্স-২০১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭` এ অংশগ্রহণ করবেন।
সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট, ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক, মায়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উক্ত সরকারি সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ০৭ অক্টোবর ২০১৭ তারিখে দেশে ফিরবেন।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ