ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অর্ধেক যাত্রীতে ভাড়া বাড়বে কি না জানালেন পরিবহন নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ১০ জানুয়ারি ২০২২
অর্ধেক যাত্রীতে ভাড়া বাড়বে কি না জানালেন পরিবহন নেতারা
ফাইল ছবি

দেশে ফের করোনা সংক্রমণ বাড়ায় গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা দিয়ে আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে বাসভাড়া আবারো বাড়াতে চান পরিবহন মালিকেরা।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে।

এই নির্দেশের প্রতিক্রিয়ায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা আমরা দেখেছি। কিন্তু বাসভাড়া নিয়ে সরকারের কোনো নির্দেশনা আমরা পাইনি। তার অর্থ হচ্ছে আগের মতোই ভাড়া কার্যকর থাকবে। যদিও আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। ভাড়ার বিষয়ে সরকারের নতুন কোনো নির্দেশ না পেলে ভাড়া আগের মতোই বাড়তে পারে।

Advertisement

এনায়েত উল্ল্যাহ বলেন, বর্তমানে যে বাসভাড়া আছে, সেই ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করলে তেলের পয়সাও উঠবে না।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র বলেন, আগেরবার বিধিনিষেধ চলাকালে সরকারের সঙ্গে আলোচনা করেই ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল। কিন্তু এবার কি হবে সেটি এখনও বলতে পারছি না। সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। তবে মালিকেরা ক্ষতি স্বীকার করে, বাড়ি থেকে টাকা এনে গাড়ি চালাবে না।

এর আগে ২০২০ সালে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দিয়েছিল সরকার। সে সময় অর্ধেক যাত্রী নিয়েই গণপরিবহন চলাচল করেছিল। তখন পরিবহন মালিকদের দাবির মুখে বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিধিনিষেধ
লিংক সফলভাবে কপি হয়েছে!