ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুর রহমান নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০, ১৯ জানুয়ারি ২০২২
হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুর রহমান নিহত
হাবীবুর রহমান- ফাইল ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান হাবীব মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া।

Advertisement

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক জানান, রাত ২টা ৩৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে সজোরে ধাক্কা দেয়। এতে হাবীবুর রহমান সড়কে আছড়ে পড়েন। 

আরো পড়ুন: জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুরবাসী

পরে মাজদার রহমান নামে এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মোটরসাইকেলটি উদ্ধার করে নয়াটোলা পুলিশ ফাঁড়িতে হেফাজতে রাখে। পরে রাত ৪টার দিকে হাবীবুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে হাবীবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব তাৎক্ষণিক এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ডিআরইউ এর নেতারা।  

সংবাদকর্মী হাবীবুর রহমানের নামাজে জানাজা ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ), সময়ের আলোর কার্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!