জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের ৭৩ শতাংশই টিকা নেননি।
বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
আরো পড়ুন>>> বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র
.png)
তিনি বলেন, সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকা সরকারিভাবে দেওয়া হচ্ছে। যারা টিকা নিচ্ছেন না তাদেরই মৃত্যু বেশি হচ্ছে। ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মৃত্যুহার বেশি।
এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৮৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয় ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। এ মাসে করোনায় মারা যান ৩২২ জন।
আরো পড়ুন>>> লবিস্ট নিয়োগের চক্রান্ত দেশদ্রোহিতার শামিল: পরশ
ডা. নাজমুল ইসলাম বলেন, বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টে (উপধরন) শনাক্ত হয়েছে। এ সাব-ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক। তাই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। সংক্রমিত রোগীর সংখ্যা যেন না বাড়ে সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, জানুয়ারিতে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। কাজেই সংখ্যার বিচারে রোগীর সংখ্যা বহুলাংশে বেড়েছে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।