ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সর্বোচ্চ দূষিত বাতাস গাজীপুরে, সর্বনিম্ন মাদারীপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২২
সর্বোচ্চ দূষিত বাতাস গাজীপুরে, সর্বনিম্ন মাদারীপুর
ফাইল ছবি

২০২১ সালে ৬৪ জেলার মধ্যে গাজীপুর বায়ু দূষণের শীর্ষে রয়েছে। গত বছর এ জেলার বাতাসে প্রতি ঘনমিটারে ক্ষতিকর বস্তুকণা পিএম ২ দশমিক ৫ এর মাত্রা ছিল গড়ে ২৬৩ দশিমিক ৫১ মাইক্রো গ্রাম। এছাড়া সবচেয়ে কম দূষিত শহরের মধ্যে রয়েছে মাদারীপুর। এ জেলার বাতাসে পিএম ২ দশমিক ৫ এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৪৯ দশমিক ০৮ মাইক্রোগ্রাম।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা (সিটি কর্পোরেশনের আওতা বহির্ভূত এলাকা)।  একই সময়ে ঢাকা জেলার বাতাসে প্রতি ঘনমিটারে ক্ষতিকর বস্তুকণা পিএম-২ দশমিক ৫ এর মাত্রা ছিল ২৫২ দশমিক ৯৩ মাইক্রো গ্রাম। তৃতীয় অবস্থানে রয়েছেন নারায়ণগঞ্জ; যেখানে পিএম-২ দশমিক ৫ মাত্রা ছিল ২২২ দশমকি ৪৫ মাইক্রোগ্রাম। 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্র (ক্যাপস)।

Advertisement

অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার বাতাসের মান নিয়ে চালানো গবেষণার তথ্য তুলে ধরা হয়। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন ও ক্যাপসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ক্যাপস ৬৪ জেলার বায়ুমান বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করে। গবেষণা থেকে দেখা যায়, ২০২১ সালে বাংলাদেশের ৬৪ জেলার সর্বমোট ৩ হাজার ১৬৩টি স্থানের গড় অতিক্ষুদ্র বস্তুকণা ছিল প্রতি ঘনমিটারে ১০২ দশমিক ৪১ মাইক্রোগ্রাম, যা দৈনিক আদর্শ মানের (৬৫ মাইক্রোগ্রাম) চেয়ে প্রায় ১ দশমিক ৫৭ গুণ বেশি। 

আর গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে বায়ুমান ছিল বাংলাদেশের আদর্শমানের চেয়ে ৪-৫ গুণ বেশি। এসব জেলায় বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে- রাস্তা খোঁড়াখুঁড়ি ও সংস্কারকাজ, মেগা প্রকল্প, আশপাশের ইটভাটা, ছোট-বড় কয়েক হাজার শিল্প কারখানা, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং ময়লা-আবর্জনা পোড়ানো।  

সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয়,  মাদারীপুরের পরের অবস্থানে রয়েছে পটুয়াখালী এবং মেহেরপুর। এসব জেলায় বায়ু দূষণ কম হওয়ার কারণ প্রচুর গাছপালা এবং প্রাকৃতিক জলাধার। এসব এলাকায় সংস্কার কাজের পরিমাণও কম। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ৬৪টি জেলার মধ্যে শুধুমাত্র ১০টি জায়গায় বায়ুর মান ভালো পাওয়া যায় (প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম নিচে)। সে জায়গাগুলো হলো- কুড়িগ্রাম (৬৩ দশমিক ৩৩ মাইক্রোগ্রাম), নাটোর (৬৩ দশমিক ১৯ মাইক্রোগ্রাম), জয়পুরহাট (৫৮ দশমিক ২৪ মাইক্রোগ্রাম), রাজবাড়ী (৫৮ দশমিক ২২ মাইক্রোগ্রাম), রাজশাহী (৫৬ দশমিক ৪১ মাইক্রোগ্রাম), পাবনা (৫৬ দশমিক ২২ মাইক্রোগ্রাম), সিরাজগঞ্জ (৫৫ দশমিক ২ মাইক্রোগ্রাম), মেহেরপুর (৫৩ দশমিক ৩৭ মাইক্রোগ্রাম), পটুয়াখালী (৫১ দশমিক ৪২ মাইক্রোগ্রাম) এবং মাদারীপুর (৪৯ দশমিক ৩৮ মাইক্রোগ্রাম)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!