ইউক্রেনে আক্রান্ত জাহাজ থেকে বাংলাদেশিদের উদ্ধার শুরু হয়েছে। থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও বাঙ্কারে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে।
.png)
বৃহস্পতিবার ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলার পর ২৮ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক পীযূষ দত্ত সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
পীযূষ দত্ত বলেন, আমাদের নাবিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ফিরিয়ে আনাই প্রথম লক্ষ্য। নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা এ ব্যাপারে কাজ করছে।
বিএসসি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এ সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৩ ফেব্রুয়ারি থেকে সেখানে রয়েছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
গতকাল বুধবার এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে এক বাংলাদেশি নাবিক নিহত হয়েছেন। ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।