ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২১ এপ্রিল ২০২৩
ঈদে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত: র‌্যাব ডিজি
জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফ্রিং করেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন- ছবি: সংগৃহীত

র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রেখেছে। দেশব্যাপী ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কন্ট্রোল রুম, স্ট্রাইকিং ফোর্স, ফুট মোবাইল প্যাট্রল, সিসি টিভি মনিটরিং, ভেহিক্যাল স্ক্যানার, রিজার্ভ ফোর্স, অবজারভেশন পোস্ট ও চেকপোস্ট থাকবে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডসহ সব উইংকে প্রস্তুত রাখা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফ্রিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ের তথ্য বিশ্লেষণ করে ঈদুল ফিতরকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি র‌্যাব। তবে যেকোনো নাশকতা ও হামলা মোকাবিলায় র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ও কমান্ডো টিমকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকে টহল জোরদার থাকবে।

Advertisement

তিনি বলেন, ঈদ উপলক্ষে এই মুহূর্তে মার্কেট, বিপণী বিতানগুলোতে প্রচুর বেচাকেনা, আর্থিক লেনদেন ও জনসমাগম হচ্ছে। বিষয়টি মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও ভেজাল খাদ্য বিক্রির বিষয়টিও আমরা মাথায় রেখেছি। ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য ব্যাটালিয়নগুলোতে সাপোর্ট সেন্টার চালু করেছি। সেখান থেকে ঘরমুখো মানুষ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করাসহ পানি ও ইফতারের ব্যবস্থাও রেখেছি।

এম খুরশীদ হোসেন বলেন, সড়ক ও নৌ পথে চালকেরা যেন প্রতিযোগিতামূলকভাবে বাস ও লঞ্চ চালনা না করেন সেজন্য মালিক ও চালকদের সতর্কীকরণ ও সচেতন করার ব্যবস্থা করা হয়েছে। ফিটনেসবিহীন লঞ্চ যেন চলাচল না করতে পারে সেজন্য চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিরাপত্তা সুইপিং করা হবে।

তিনি বলেন, ঈদে বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে আসা নারীদের উত্যক্ত, ইভটিজিং ও যৌন হয়রানি রোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‌্যাব সদস্যদের জানাবেন। র‌্যাব জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। র‌্যাব সদর দফতর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!