ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুইদিন পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ৯ মে ২০২৩
দুইদিন পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহ
ফাইল ফটো

দেশে এরই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারাদেশে। এমন অবস্থায় আগামী দুইদিন পর বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এছাড়া আগামী দুইদিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Advertisement

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজশাহী, নেত্রকোণা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

হাফিজুর রহমান আরো জানান, আগামী দুইদিন পর তাপমাত্রা কমতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!