ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপপ্রবাহ অব্যাহত: যা জানালো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৭, ২ জুন ২০২৩
তাপপ্রবাহ অব্যাহত: যা জানালো আবহাওয়া অধিদফতর
প্রতীকী ছবি

দেশে চলমান তাপপ্রবাহ আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

শাহীনুল ইসলাম জানান, আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সিলেটে জেলায় ৭ ও শ্রীমঙ্গলে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনেও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিনে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!