ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী নির্বাচনে সব দল আসবে: ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ৩ জুলাই ২০২৩
আগামী নির্বাচনে সব দল আসবে: ইসি হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব- ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব বলেছেন, কমিশন আন্তরিকভাবে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমরা আশাবাদী- আগামী নির্বাচনে সব দল অংশ নেবে।

সোমবার এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও জানান ইসি আহসান হাবিব।

তিনি বলেন, এরই মধ্যে সংলাপে যোগ না দেওয়া দলের প্রতিনিধিদের অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের জন্য দাওয়াত দেওয়া হয়েছিল।

Advertisement

নির্বাচনী রোডম্যাপ ধরেই নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ইসি আহসান হাবিব বলেন, সংবিধান অনুযায়ী কমিশন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে যেন সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিতকল্পে জোর প্রচেষ্টা চলছে।

কমিশনার বলেন, ভয়ভীতিহীন, অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর। এছাড়া বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর সদ্যসমাপ্ত পাঁচ সিটি নির্বাচনসহ প্রায় ৮০০ নির্বাচনের আয়োজন করেছে। প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয়েছে এবং জনগণের কাছে প্রশংসিত হয়েছে। একই ধারাবাহিকতায় আগামীতেও সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই।

আহসান হাবিব খান বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করবো। পাশাপাশি সবার স্বতস্ফূর্ত সহযোগিতাও একান্তভাবে কামনা করি। আশা করি- বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!