ডেঙ্গুতে দুই মৃত্যু, হাসপাতালে ৬৬১ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৬৬১ জন রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৬৬১ জনের মধ্যে ঢাকায় ৪৩৩ জন ও ঢাকার বাইরে ২২৮ জন। বর্তমানে সারাদেশে ২ হাজার ১২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে ৬৩৯ জন।
এতে আরো বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ১১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় সাত হাজার ৮৯৯ জন ও ঢাকার বাইরে তিন হাজার ২১৭ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৮ হাজার ৯২৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৫৯ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৫৬৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।