আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত: র্যাব ডিজি
র্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেছেন, আমাদের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা নিশ্চিত করা, আমরা সেটা দৃঢ়ভাবে করবো। আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে প্রস্তুত আছি।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে নির্বাচন কমিশনের অধীনে। তারা যেভাবে পরিচালনা করবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। জনগণ যেন কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব।
.png)
তিনি আরো বলেন, র্যাবের স্লোগান হচ্ছে ‘বাংলাদেশ আমার অহংকার’। আমরা এটাকে লালন-পালন ও ধারণ করি। আমরা এদেশের সন্তান। সুতরাং, এদেশ ও দেশের জনগণের নিরাপত্তা বজায় রাখা আমাদেরই দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন- র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।