ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’, আঘাত হানতে পারে বাংলাদেশেও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ২২ অক্টোবর ২০২৩
সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’, আঘাত হানতে পারে বাংলাদেশেও
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। এটি সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার নাগাদ এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর আরো ঘনীভূত হয়ে এটি ঘূর্ণিঝড় ‘হামুন’ এ পরিণত হতে পারে।

বর্তমানে নিম্নচাপটি ৯০০ কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে। এখন উত্তর-পশ্চিম দিকে এগোলেও সোমবার থেকে চলার পথ পরিবর্তিত হবে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে মুখ ঘুরাতে পারে।

তবে ‘হামুন’ খুব বেশি শক্তিশালী হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের খুলনা-বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, সোমবার মধ্যে হামুন গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখন এটি উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। পরবর্তীতে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে এগোবে। তখন এটির আমাদের দিকে আসার সম্ভাবনা আছে। আগামী ২৬ অক্টোবর নাগাদ এটি বাংলাদেশের খুলনা বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে হামুন। সব নির্দেশক বলছে এটি সাধারণ একটি ঘূর্ণিঝড় হতে পারে। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূল অতিক্রম করতে পারে।

মো. আজিজুর রহমান বলেন, সতর্ক সংকেত ৫, ৬ ও ৭ এর মধ্যে থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। মহা বিপৎসংকেত জারির কোন আশঙ্কা আমরা এখনও দেখছি না।

এদিকে সাগরে নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার সকালে সামুদ্রিক আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নম্বর-১) এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!