ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২, ২ নভেম্বর ২০২৩
চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ফাইল ফটো

বঙ্গোপসাগরে নভেম্বরেও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে এবং শীতের তীব্রতা বাড়বে।

বুধবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।  

দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Advertisement

ঐ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এ মাসে দেশের উত্তর বা উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

গত মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন সৃষ্টি হয়। এটি গত ২৪ অক্টোবর কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!